২৮ অক্টোবর ২০২২


মনিপুরী সম্প্রদায়ের রাসলীলা নিয়ে উৎসবের আমেজ

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্যদিয়ে হিন্দুধর্মের অবতার পুরুষ শ্রীকৃষ্ণ ও তার সখি রাধালীলাকে ঘিরে এদিনটি পালিত হবে।

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে এবং কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত গ্রামের পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করানোর কাজ।

সরজমিন দেখা যায়, এলাকার হাওয়ায় এখন নীরব সুর বাজছে। রাসের দিন দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়ামণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা অনুষ্ঠিত হবে। রাসলীলার প্রস্তুতি হিসেবে মণিপুরী পল্লীর বাড়ির উঠোনে ছেলেমেয়েরা নাচের প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গিসমূহ।

সংশ্লিষ্টরা জানান, মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব ‘রাসলীলা’। রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠবে একদিনের আনন্দ উৎসবে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যটক, বরেণ্য জ্ঞানী-গুণী লোকজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ প্রাঙ্গণ।

রাসোৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হবে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে।

শেয়ার করুন