১৪ মার্চ ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, করিম ও মামুন।
রোববার রাতে তাদের প্রত্যাহার করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের প্রত্যাহার করে আদেশ পাঠানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ছাদিকুর রহমান জানান, গত শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের বাহুবলের লোহাখলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারকালে হাইওয়ে থানার এসআই হাসান আলী, কনস্টবল ফেরদৌস, করিম ও মামুনসহ একদল পুলিশ একটি টমটম আটক করেন। তারা টমটমের মালিকের কাছে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় গাড়িটি থানায় নিয়ে যাবেন বলে তারা জানান।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং ছবি তোলেন। এতে ওই পুলিশ সদস্যরা জোর করে তাকে গাড়িতে তুলে জনসম্মুখে লাঠি চার্জ করেন। এ খবর এলাকায় জানাজানি হলে তোপের মুখে ছাদিকুরকে ছেড়ে দেয়া হয়।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বাহুবল প্রেসক্লাবের নেতারা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।