২৩ অক্টোবর ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় ভোগান্তিহীন জন্মনিবন্ধন সেবার জন্য রোল মডেলে পরিণত হয়েছে দক্ষিণ রণিখাই ইউনিয় পরিষদ। এখানে জন্ম নিবন্ধন, সংশোধন অথবা অন্য ভাষায় রুপান্তরে রয়েছে ওয়ানস্টপ সার্ভিস। সরকারি ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলেই অনায়াসে সংশোধন হয়ে যাচ্ছেন ভুল হওয়া জন্ম নিবন্ধন। আর শিশুর জন্মের জন্মের ৪৫ দিনের মধ্যে নতুন জন্ম নিবন্ধনও করা যাচ্ছে সহজে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নতুন জন্ম নিবন্ধন করার জন্য আবেদন করলে সাথে সাথে জন্ম নিবন্ধনের কপি দেওয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে। এছাড়াও সংশোধনের জন্য আবেদন করার পর দ্রুত পাওয়া যায়। ইউনিয়ন সচিব সাথে সাথে সেটি সার্ভারে এক্সেপ্ট করে উপজেলা নির্বাহী কর্মকর্তার আইডিতে পাঠিয়ে দেন। নতুন বা সংশোধনের জন্য বাহিরে কেউ আবেদন করতে না পারলে ইউনিয়ন পরিষদে অনলাইনে আবেদন করে দেওয়া হয়। ইউনিয়নবাসীর সুবিধার জন্য সহজে সকল প্রকার ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। যার ফলে অন্যান্য ইউনিয়ন থেকে দক্ষিণ রণিখাই ইউনিয়নের বাসিন্দারা সহজেই জন্ম নিবন্ধনের বিভিন্ন সেবা পাচ্ছেন।
নতুন জন্ম নিবন্ধন করতে মা-বাবার জন্ম সনদ না লাগায় সেই সেবা দিতে আরো সহজ হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ এর ৩ (গ) ধারা অনুসারে, কোনো ব্যক্তি এতিম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, পিতৃ-মাতৃ পরিচয়হীন, বেদে, ভবঘুরে, পথবাসী,ঠিকানাহীন বা যৌনকর্মী হলে যেসব তথ্য অসম্পূর্ণ থাকবে, অসম্পূর্ণ স্থানে ‘অপ্রাপ্য’ লিখে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়।
ইউপি কার্যালয় সূত্র জানায়, ২৭ জুলাই থেকে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্ম সনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্ম নিবন্ধন করতে আগে যে জটিলতা ছিল, সেটি আর থাকছে না। এর ফলে ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে সাধারণ মানুষ।
দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ আজকের সিলেট ডটকমকে বলেন, জন্ম নিবন্ধন করতে এখন আর মা-বাবার জন্ম সনদ লাগে না। যার ফলসরূপ জন্ম নিবন্ধন করতে কমেছে ভোগান্তি ও আইনি জটিলতা। এছাড়া শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে সরকারি আইন অনুযায়ী কোন ফি ছাড়া জন্ম নিবন্ধন সনদ করা যায়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যালয় ছাড়াও অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করে জন্ম সনদ সংগ্রহ করা যাবে।