১৩ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেল ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস কে প্রধান করে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কলেজটির অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ্র।
তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে তার রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। কলেজটির অধ্যক্ষ বলেন, হোস্টেলের সবকটি ব্লকের দরজা-জানালা ভাংচুর করা হয়েছে।
তিনি আরো বলেন, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সকল ছাত্রদের তাদের নিজ নিজ হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে হলে ছাত্র তোলা হলে সকল ছাত্রদেরকে আবাসিক কার্ড দেয়া হবে, আবাসিক কার্ড ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেয়া হবেনা বলেও জানান তিনি।
জানা যায়, বুধবার (১২ জুলাই) রাত ১০টায় সঞ্জয় গ্রুপের অনুসারীরা ছাত্রাবাসে অস্ত্রের মহড়া দেয় এবং এর কিছু আগে টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ দুই গ্রুপের মারামারির ঘটনাও ঘটে। এতে আহত ছাত্রলীগ কর্মী রাহাত ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুর চালায় রঞ্জিত সমর্থিত গ্রুপের ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।