৫ অক্টোবর ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর চন্দ্র দাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাগর চন্দ্র দাশ ওই গ্রামের গোপাল চন্দ্র দাশের পুত্র। সে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র।
বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, চরহামুয়া গ্রামের অগ্রগামী পূজা মন্ডপে সাগরসহ তার বন্ধুরা মিলে আনন্দ করছিল। এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ ছুরতাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।