১ অক্টোবর ২০২২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মানিক চন্দ্র শীল নামে এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত মানিক ওই এলাকার উকিল চন্দ্র শীলের ছেলে।
শনিবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইন থেকে তার উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই বাবুল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নর্তন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিচয় শনাক্ত করে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।