৯ জানুয়ারি ২০১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : দুর্ভোগের অপর নাম হয়ে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহা সড়ক। এ সড়কের জগন্নাথপুর পৌর শহরের স্লুইচ গেইট থেকে হবিবনগর পর্যন্ত এলাকা জুড়ে সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর।
পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহমান আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের সৃষ্টি হওয়ায় শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ক্রেতা ও জনসাধারনের পাশাপাশি ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্লুইচ গেইট থেকে হবিবনগর এলাকা পর্যন্ত সড়কের দু-পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনার স্তুপে বিভিন্ন স্থানে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। সড়কটির পিচ উঠে গিয়ে খানা খন্দকের পাশাপাশি বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে।
এছাড়াও এসব স্থানে প্রায়ই রিকশা, ইজিবাইক, অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট বড় সকল প্রকার যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশাপাশি তীব্র যানজটের কারনে পায়ে হেটে যাতায়াতকারী লোকজনও নিরাপদে যাতায়াত করতে পারছেন না।
ব্যবসায়ী মো: মনোয়ার হোসেন ভুইয়া জানান, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা মোড়ের প্রায় ২শ ফুট সড়কের চিত্র অত্যান্ত ভয়াবহ। এ স্থান দিয়ে গাড়ি চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া বিপদজনক।
জগন্নাথপুর পৌর সভার মেয়র আব্দুল মনাফ জানান, শহরের উপর দিয়ে বহমান মহা-সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের হওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে আঞ্চলিক মহা-সড়কটি পুনঃসংস্কার কাজের জন্য ২২কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার কার্যক্রমের মূল্যায়ন শেষে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।
(আজকের সিলেট/৯ জানুয়ারি/এসটি/ঘ.)