৮ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী তানিম খানের খুনিদের গ্রেফতার দাবিতে টিলাগড়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টা থেকে সিলেট-তামাবিল সড়কের টিলাগড়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন তানিম খান নামের ওই ছাত্রলীগ কর্মী। তানিম জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকার অনুসারী ছাত্রলীগ কর্মী।
এই হত্যাকান্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারি জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ি করছেন।
হত্যাকান্ডের প্রতিবাদে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকালে তারা টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এদিকে, হত্যাকান্ডের প্রতিবাদে এমসি কলেজ ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। এছাড়া উদ্ভুত পরিস্থিতিতে এমসি কলেজ কর্তৃপক্ষ সোমবারের স্নাতক শ্রেণীর পরীক্ষা স্থগিত করেছেন।
(আজকের সিলেট/৮ জানুয়ারি/এসটি/ঘ.)