৫ সেপ্টেম্বর ২০২২


পররাষ্ট্রমন্ত্রী ‘অসুস্থ’, না অন্য কিছু?

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : ভারত সফরের শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শারীরিক অসুস্থতার জন্য সফর বাতিল হয়েছে বলে মন্ত্রীর তরফ থেকে এমনটি জানানো হলেও কারও তা বিশ্বাস হচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, পাশের দেশ হোক বা অন্য কোনও দেশ হোক এ ধরনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রীর থাকাটা স্বাভাবিক। তবে তাকে বাদ দিয়েই দিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রী। নিয়ম অনুযায়ী, সরকারপ্রধান কোনো রাষ্ট্রীয় সফরে গেলে পররাষ্ট্রমন্ত্রীও তার সঙ্গী হয়ে থাকেন।

এর একদিন আগে রবিবার বিকালেও সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী। তখন তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত যাচ্ছেন। তার বক্তব্য থেকেও যাওয়ার বিষয়টি সবাই নিশ্চিত হয়। কিন্তু সোমবার এলো অন্য খবর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রবিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবদুল মোমেনকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়।

যদিও মন্ত্রীর ঘনিষ্ঠজনরা বলছেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় মন্ত্রী দিল্লি সফর স্থগিত করেছেন।

হঠাৎ কী এমন অসুখ হলো তার যে এমন গুরুত্বপূর্ণ সফর বাতিল করতে হলো? এমন প্রশ্নে মন্ত্রীর এপিএস একটি গণমা্ধ্যমকে বলেন, ‘তিনি পেটের পীড়ায় ভুগছেন।’

সূত্রগুলো বলছে, গত ১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘ভারত সরকারকে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’। তারপরের দিনও তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন বলে জানান। বলেন, ‘যা বলেছি জেনেশুনেই বলেছি, ভুল কিছু বলিনি।’

তার এমন মন্তব্যে সরকারও অস্বস্তিতে পড়ে। যদিও তিনি পড়ে বলেছিলেন, তিনি ওই কথা বলেননি। কিন্তু বাস্তবতা হলো—তিনি বলেছিলেন এবং তা তিনি আর কোনোভাবেই খন্ডন করতে পারেননি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে আনেকদিন ধরেই কথা হচ্ছিল। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে সরকার। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় তার নাম থাকলেও শেষ সময়ে এসে তাকে বাদ দেওয়া হয়।

সূত্র : ঢাকাটাইমস

শেয়ার করুন