৫ সেপ্টেম্বর ২০২২


নগরীতে কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীতে মধ্যরাত থেকে ভারী বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

জানা গেছে, নগরীর উপশহর, রায়নগর, মিরাবাজার, শিবগঞ্জ, কুমারপাড়া, মাছিমপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মদিনা মার্কেট, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, জালালাবাদ এলাকাসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ৈছে। রাস্তায় হাঁটুপানি থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সড়কে পানি ওঠায় যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক বাসাবাড়ি ও দোকান-পাটেও পানি প্রবেশ করেছে। নগরীর মিরাবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীকে দোকানের সামনে দেয়াল তৈরি করে পানি আটকাতে দেখা গেছে।

মিরাবাজার এলাকার ব্যবসায়ী সুভাষ চন্দ্র বলেন, ‌‌‘দোকানে পানি ঢুকে অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। তাই দেয়াল তুলেছি, যাতে পানি আর না ঢোকে।’

নাইওরপুল এলাকার বাসিন্দা নাজমিন আক্তার বলেন, ‘অল্প বৃষ্টিতে বাসার ভেতর হাঁটুপানি হয়ে গেছে।প্রয়োজনীয় জিনিসপত্র খাটের ওপর তুলে রাখলেও বাসার মেঝেতে থাকা জিনিসপত্র ভিজে নষ্ট হচ্ছে।’

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ চৌধুরী বলেন, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১০৮ দশমিক ২ মিলিমিটার। মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।

সিলেট সিটি করপোরেশনে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, বৃষ্টিতে নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সকাল থেকে সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করায় দ্রুত পানি নামতে শুরু করেছে।

শেয়ার করুন