১২ জুলাই ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আগামীতে এরশাদের নেতৃত্বে সরকার গঠন করা হবে। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় পার্টিকে এককভাবে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে। তাই এরশাদের নেতৃত্বে সরকার গঠন করতে প্রতিটি গ্রামে গ্রামে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।
বুধবার দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ছাতকস্থ সাপ্তাহিক সীমান্ত কন্ঠ পত্রিকার কনফারেন্স হলরুমে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, এককভাবেই হোক আর জোট মহাজোটগত ভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হারানো সংসদীয় সিট সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনটিতে জাতীয় পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে উপহার দেয়া হবে। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে যার যার এলাকাব্যাপী শক্তিশালী কর্মী তৈরি করার নির্দেশনা দেন।
দোয়ারাবাজার উপজেলা জাপার সিনিয়র যুগ্ম সম্পাদক ও সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন বুলুর সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নুর হোসেন মো. আব্দুল্লাহর উপস্থাপনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন জাপা নেতা জালাল আহমদ তালুকদার, আরজ আলী, সিরাজ মিয়া, আবুল কালাম, ডা. গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান, আবু হানিফা, আবু সায়েদ, আরাফাত আলী, জয়নাল মিয়া প্রমুখ।
(আজকের সিলেট/১২ জুলাই/ডি/কেআর/ঘ.)