২০ আগস্ট ২০২২


বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা ডুবি, নিখোঁজ ২

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে নৌকা দিয়ে খেয়া পারাপারের সময় খেয়ানৌকায় বাল্কহেডের ধাক্কায় ২০ জন আহত হন। এখন পর্যন্ত গোবিন্দপুরের শামছুল ইসলামক (৩৫) সহ দুজন নিখোঁজ রয়েছেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

শুক্রবার রাতে উপজেলার ঘাট থেকে আজমপুর ঘাটের খেয়ানৌকা বাল্কহেডের ধাক্কার ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন- আজমপুর গ্রামের আব্দুল জব্বার (৫৫), আকবর আলী (৬০), জাকির হোসেন (২৪), কাটাখালী গ্রামের লায়েবা (২২), সুনামগঞ্জের আজগর আলী (৩০)-সহ ২০ জন। অন্যদের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, উপজেলার ঘাট থেকে খেয়ানৌকা দিয়ে ৪৫-৫০ জন আজমপুর ঘাটে যাওয়ার সময় বাল্কহেডের ধাক্কা লাগে। এসময় সবাই ভয়ে নদীতে লাফিয়ে পড়ে। সবাই সাঁতরে পারে উঠলেও একজন উঠতে পারেননি বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জের জেলা শহরের হবতপুর গ্রামের এখলাছুর রহমান বলেন, দোয়ারাবাজার খেয়াঘাট থেকে আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ হন। আমার বন্ধু গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) পাওয়া যাচ্ছে না।

দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ঘটনাস্থল থেকে জানান, রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। নদীতে পড়ে কতজন নিখোঁজ- তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আমরা কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করছি।

শেয়ার করুন