২০ এপ্রিল ২০২২


উপজেলা চেয়ারম্যানের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের বিরুদ্ধে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটলেও এটি জানাজানি হয় বুধবার।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ইউপি চেয়রম্যান বলেন, সোমবার দুপুরে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনসহ আমরা কয়েকজন ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের কার্যালয়ে যাই। এ সময় আজির উদ্দিন হাটবাজার থেকে রাজস্বখাতের আয়ের টাকা না পাওয়ার কারণ জানতে চাওয়ায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ক্ষেপে যান। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে মারার জন্য তেড়ে আসেন। এসময় তিনি নিজের পায়ের জুতা খুলে আজির উদ্দিনকে মারেন এবং তাকে ধাক্কা দেন। পরে উপস্থিত লোকজন চেয়ারম্যান সোয়েব আহমদকে নিবৃত্ত করেন।

ভুক্তভোগী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, একটি প্রজেক্টের বিষয়ে নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি তার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন।

ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনকে লাঞ্ছিত করার বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের মোবাইলফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন