১৭ আগস্ট ২০২২


শোডাউন করল মহানগর আওয়ামীলীগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক বিভাজনের মধ্যেই দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে সিলেটের রাজপথে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছে সিলেট মহানগর আওয়ামীলীগ। মিছিলটিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতা-কর্মীরাও যোগ দেন। দুপুর সোয়া ১২টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতারা।

জানা যায়, বিগত চার দলীয় জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’ প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন