২৫ জুন ২০২১


শাবির শিক্ষক-কর্মকর্তারা পাবেন কম্পিউটার

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি : ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে একটি করে কম্পিউটার দেয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী সুশাসন বিষয়ক কর্মশালার শেষ দিনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বিশ্বায়ন ও ডিজিটালাইজেশনের এই যুগে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন দক্ষতা বৃদ্ধিতে সব সময় এ ধরনের কর্মশালার আয়োজনকে উৎসাহিত করে আসছে। কর্মশালার পাশাপাশি ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে সকল শিক্ষক ও কর্মকর্তাদের একটি করে কম্পিউটার প্রদান করা হবে।’

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অফিসের কাজ কখনও ফেলে রাখা যাবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে।’

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য দেন হিসাব পরিচালক আনম জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।

শেয়ার করুন