২৬ জুলাই ২০২২


শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়েরকৃত মামলা নং-২৮/১৭৯।

সোমবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা দায়ের করেন শাবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম।

এর আগে সোমবার শিক্ষার্থী খুনের ঘটনায় রাত পৌণে ১২ টা পর্যন্ত পৃথক পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে শুরু হওয়া এ মিছিলগুলো শ্লোগানে শ্লোগানে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার গোলচত্ত্বরে এসে শেষ হয়।এসময় তারা শ্লোগান দিতে থাকে বুলবুল খুন কেন? প্রশাসন জবাব চাই।বুলবুলের খুনিরা হুশিয়ার সাবধান।মিছিল শেষে রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে তারা সড়ক থেকে সরে আসেন।

এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুব দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে।পরবর্তীতে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন