১৭ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি আর দীর্ঘ বন্যায় এমনিতেই কাহিল অবস্থা সিলেটবাসীর। তার ওপর এবার গরমে ওষ্ঠাগত প্রাণ। যেন আগুনে পুড়ছে সিলেট। গরমে হাঁসফাঁস করছে মানুষ। গরমের সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎবিভ্রাট। কদিন থেকেই দাবদাহ চলছে সিলেট জুড়ে। তাপমাত্রা ৩৫ ডিগ্রির নিচে নামছেই না। ফলে সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর, সর্দি ও কাশি রোগ দেখা দিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। প্রতিদিন পাল্টে যাচ্ছে হাসপাতালের চিত্র।
এদিকে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এ ছাড়া এই সময়ের মধ্যে বিভাগে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ২১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেট শহর থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি দেশে ভাইরাল ফিভারের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, এটা মৌসুমি জ্বর, এ নিয়ে দ্বিধায় পড়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে জ্বর এলে বাসায় বসে থাকার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, প্রচণ্ড গরমে নানা রোগবালাই দেখা দিচ্ছে। রোগ থেকে বাঁচতে অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে।