১৩ জুলাই ২০২২
ডেস্ক রিপোর্ট : এবার সারাদেশ থেকে ৯০ থেকে ৯৫ লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের। এর মধ্যে কোরবানির দিন ও পরের দিন এ বছর প্রথম দুই দিনে সাড়ে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন—বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। এবার কাঁচা চামড়া সংগ্রহে রেকর্ড হচ্ছে বলে মন্তব্য এ ব্যবসায়ীর।
চামড়া সংগ্রহের বিষয়ে শাহীন আহমেদ বলেন, ‘এ বছর ৯০ থেকে ৯৫ লাখা পিস কাঁচা চামড়া সংগ্রহ করার টার্গেট নিয়েছি। এর মধ্যে ছাগলের চামড়া অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। ফলে চামড়া সগ্রহ কিছুটা কমে যেতে পারে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য এ বছর ৯৯ লাখ ৫০ হাজার গবাদিপশু কোরবানি হয়েছে। এ তথ্য টেনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদেরও এবার ১ কোটি চামড়া সংগ্রহের টার্গেট ছিলো। খাসি ও বকরির চামড়ার একটি অংশ নষ্টও হয়ে যাওয়ায় চলতি মৌসুমে শেষ পর্যন্ত ৯০–৯৫ লাখ চামড়া সংগ্রহ হবে বলে ধারনা করছি।’
কাঁচা চামড়া সংগ্র্রহে এবার ট্যানারিগুলো রেকর্ড করেছে উল্লেখ করে শাহীন আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘ঈদের দিন এবং পরের দিন মোট দুই দিনে ট্যানারি মালিকরা সাড়ে পাঁচ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছে।’
‘গত বছর ঈদের দুই দিনে ট্যানারি মালিকরা তিন লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছিলো। সেই হিসাবে এবার প্রথম দুই দিনে গত বছরের চেয়ে আড়াই লাখ পিস বেশি চামড়া সংগ্রহ হয়েছে।’
সারাদেশ থেকে লবণজাত চামড়া সংগ্রহরে বিষয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশেনের এই সভাপতি বলেন, ‘আমরা বৃহস্পতিবার থেকে সারাদেশে থেকে লবণ দেওয়া চামড়া সংগ্রহ শুরু করবো। আমাদের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি তা এবার পূরণ করতে পারবো বলে আশাবাদী।’