২৫ আগস্ট ২০২৩


জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ে রমিজ উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘন্টা পর তার রদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

শুক্রবার বিকাল ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় জাফলং ডাউকি নদী খেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, রমিজ উদ্দিনসহ ৫০ জনের একটি গ্রুপ শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ গ্রুপের অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে রমিজ স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। প্রায় ৪ ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর তার লাশ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রুপের সাথে গোসল করতে গিয়ে রমিজ উদ্দিন নিখোঁজ হয়েছিলেন। গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকাল ৫ টার দিকে জাফলং ডাউকি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গোয়াইনঘাট থানা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পানিতে না নামার জন্য একাধিক সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও তা আমলে না নিয়েই অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে নদীর পানিতে গোসল করতে নামেন। এতে করেই বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে।

শেয়ার করুন