৭ জুলাই ২০২২


সুনামগঞ্জে এসআই’র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের একটি এলাকা থেকে পুলিশে কর্মরত এক এসআই’র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিক্তা বেগমের (২৫) স্বামী মো. আমিরুল সুনামগঞ্জের দিরাই থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের মরাটিলা এলাকা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। তার স্বামী দিরাই থানায় এসআই পদে কর্মরত আছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। আমাদের ধারণা তিনি থানায় ছিলেন। তবে তদন্তের পর সব বলতে পারব।

পারিবারিক কলহের জেরে হতে পারে বলে ধারণা করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি আত্মহত্যার ঘটনাটি শুনেছি। তবে ধারণা করা হচ্ছে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কিছু নিয়ে সমস্যা ছিল। সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন আছে।

শেয়ার করুন