৪ জুলাই ২০২২
ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু হয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এটাই তার সেতু দিয়ে প্রথম টুঙ্গিপাড়া সফর।
সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন।
জানা গেছে, টোল প্লাজায় টোল দিয়ে সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে সন্তানদের নিয়ে গাড়ি থামিয়ে কিছু সময় পার করেন তিনি। সেখানে কিছু সময় কাটিয়ে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা ছিলেন। এদিন দুপুর পৌনে ১২টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মগফেরাত কামনা করে দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাটগাতী মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত দৃষ্টি নন্দন ঘাটলা ঘুরে দেখার কথা রয়েছে। সেখান থেকে মধুমতি নদীতে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের কথা রয়েছে বলে জানা গেছে। পরে তিনি নিজ বাসভবনে অবস্থান করে বিকেলে হেলিকপ্টারে ঢাকার ফিরবেন।
উল্লেখ্য, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে যান তিনি। সেতু পার হওয়ার সময় গাড়ি থেকে নেমে বেশ কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।