১৯ জুন ২০২২


সিলেটের বন্যার্তদের খাদ্য সহায়তা নিয়ে আসার পথে উল্টে গেল ট্রাক

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেটের বন্যার্তদের খাদ্য সহায়তা নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা চালক ও খাবারগুলো উদ্ধার করে।

রবিবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্যাকবলিত মানুষের জন্য ট্রাকটি ঢাকা থেকে চিড়া-মুড়িসহ শুকনো খাবার নিয়ে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা চালক ও খাবারগুলো উদ্ধার করে। পরে আরেকটি ট্রাকে করে খাবারগুলো নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

পানিউমদা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এখলাছুর রহমান জানান, পানিবন্দি মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বড়চর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় মালামালগুলো উদ্ধার করে আরেকটি ট্রাকে করে পাঠানো হয়েছে।

শেয়ার করুন