১৪ জুন ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অনুমোদনহীন এবং নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের কঠোর অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রিভার ভিউসহ স্কুল-কলেজগামী ছাত্রীদের সাথে বখাটেপনার বিরুদ্ধে পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ এবং সীমান্তের ওপার থেকে গরু-মহিষ সব ধরণের চোরাচালান ঠেকাতে বিজিবির প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় পর্যটকবাহী নৌকা চলাচলের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত ভাড়া না নেয়া এবং বিভিন্ন বর্জ্য হাওর ও নদীতে না ফেলা, লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য ভ্রমণকারীসহ সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়। ধর্মীয় বিষয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর স্ট্যাটাস না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। সেইসঙ্গে আসন্ন ঈদে কোরবানীর পশুর হাট সরকার নির্ধারিত জায়গার পরিবর্তে সড়ক কিংবা যত্রতত্র বসাতে সবার প্রতি আহবান জানানোর পাশাপাশি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত হয়।
সভায় সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা সন্তোষজনক উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সদস্যসহ সবাইকে আরও সতর্ক থাকার আহবান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উল হালিমের সঞ্চালনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক, এনএসআই’র উপপরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী , টাউন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরূর রব চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য প্রমূখ।