১৪ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৃষ্টি বেড়েছে। ভারতের মেঘালয় ও আসাম থেকেও নেমেছে ঢল। ফলে বিপৎসীমা অতিক্রম করছে নদীর পানি। এতে আবারও বন্যা উঁকি দিচ্ছে সিলেট ও হাওরের জেলা সুনামগঞ্জে।
সিলেট আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, আগামী ১১ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সিলেট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষও বলেছিল, ১০ জুনের পর থেকে ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের কারণে ১২ জুনের মধ্যে এ অঞ্চলের কিছু নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। হয়েছেও তাই। ১১ জুন থেকে সিলেটে বেড়েছে বৃষ্টিপাত। এতে সুনামগঞ্জে সুরমা ও যাদুকাটা বিপৎসীমার ওপর দিয়ে যাচ্ছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমা পেরিয়ে গেছে। আগে থেকে নদ-নদী পানিতে ভরাট থাকায় চলমান এই বৃষ্টিপাত ও উজানের ঢলে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৩টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ছিল ৯ দশমিক ৫০ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির ডেঞ্জার লেভেল ( বিপৎসীমা) ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার।
পাউবো সিলেট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা বলেন, চলমান বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে। নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষার স্বাভাবিক বৃষ্টির পানি ধারণ করতে পারবে না । তার ওপর উজানের ঢল চলমান থাকলে সিলেট অঞ্চলের কিছু নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হবে।