১৩ জুন ২০২২


মধ্যনগরে দেশের বৃহত্তম ধানের আড়ৎ

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : মধ্যনগর বাজারে জমে উঠেছে ধানের আড়ৎ। বাংলাদেশের ধানের আড়ৎগুলোর মধ্যে বৃহত্তম ধানের আড়ৎ এ বাজার। গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে ফড়িয়া বেপারীরা। জমা করেন বিভিন্ন আড়তে। এপ্রিল থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলে ধান কেনাবেচা।

মধ্যনগর বাজারে বর্তমানে ৬০টি আড়তে প্রতিদিন শত শত মণ ধান কেনাবেচা হয়। ওই আড়ৎগুলো থেকে ধান ভৈরব, আশুগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল, সিলেটের কালীঘাটসহ রফতানি করা হয় দেশের নানা প্রান্তে।

আর এই ধান বেচাকেনায় নৌপথই তাদের একমাত্র পরিবহন মাধ্যম। ৪০ বছর আগে গড়ে ওঠা এই ধানের আড়ৎ গুলোতে বছরে এক থেকে দেড় লাখ মণ ধান কেনাবেচা হয় এই বাজারে। বর্তমানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা বাজারে বেশি দরে ধান বিক্রি হচ্ছে।

মধ্যনগর বাজার ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, ভাটি অঞ্চলের একটি মাত্র বোরো ফসল। এই ধান মধ্যনগর থেকে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই বছর বৈরি আবহাওয়ার কারণে বোরো ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। সরকার যদি ধানের দাম বাড়ায় তাহলে কৃষক কিছুটা হলেও উপকৃত হবে।

মধ্যনগর বাজারে ধান নিয়ে আসা কৃষক আব্দুল হেলিম বলেন, প্রথম মাড়াইয়ে ভালো কিছু ধান পেয়েছিলাম সেগুলো ১২শ’ টাকা মণ বিক্রি করেছি। পরে যে ধান পেয়েছি বৃষ্টির কারণে রোদ না থাকায় সেগুলো শুকাতে পারিনি। যার ফলে ধানে অঙ্কুর গজিয়ে নষ্ট হয়ে গেছে। এ জন্য ওই ধান কমদামে বিক্রি করছি।

মধ্যনগর বাজার ধানের আড়ৎদার তাজুল ইসলাম বলেন, এই বছর হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে ও বৈরি আবহাওয়ার কারণে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ভালো ধানের দাম ১২শ’ টাকা ধরে বিক্রি হচ্ছে। যদি সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ভর্তুকি দেয় তাহলে কৃষকরা উপকৃত হবেন।

মধ্যনগর বাজার ধান-চাল আড়ৎদার সমিতির সভাপতি জহিরুল হক জানান, এ বছর ধানের অবস্থা খুবই নাজুক। হাজার হাজার মণ ধান নষ্ট হয়ে গেছে বৃষ্টি, বন্যার কারণে। আগাম যে ধানের ফলন হয়েছে সেই ধানগুলো প্রাকৃতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ধানের বাজারদর ১২শ’ টাকা করে আছে। সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধান বেশি দামে বিক্রি হচ্ছে।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, এ বছর আমাদের উপজেলায় ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ হয়েছিল। এর মধ্যে ৩০ হাজার ৩৮৫ হেক্টর জমির ধান কাটা করা হয়েছে। ধানের সরকার নির্ধারিত মূল্য ১৮০ টাকা।

শেয়ার করুন