১০ জুন ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ঘোড়া প্রতীকের নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে আফজাল হুসেন (২৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার পৌর শহরের টিকরবাড়ি এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেওয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করি।