৮ জুন ২০২২


বিয়ানীবাজারে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে কৃষক লীগের সম্মেলন

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে কৃষকলীগের সম্মেলন। এমন অভিযোগে বিয়ানীবাজারের পুরো আওয়ামী পরিবারে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পৌর সম্মেলনকে সামনে রেখে এই সম্মেলন দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজন আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী পরিবারের একটি অংশ। অপর অংশ সম্মেলনে ঘোষিত উপজেলা কৃষকলীগের সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের খানের বিরুদ্ধে হুংকার দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। আবুল কাশেম পল্লবের হুংকার দেওয়া ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

জানাগেছে, বুধবার ছিল পূর্ব নির্ধারিত বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন। উপজেলা সদর বাদ দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয় দুবাগ ইউনিয়নের মেওয়া সেলিমবাগ কমিউনিটি সেন্টারে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সম্মেলনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সামাদকে সভাপতি ও সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।

তবে সম্মেলনের একদিন আগেই মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব স্থানীয় অনলাইন টিভিতে সম্মেলনকে স্থগিত রাখতে অনুরোধ করেন। এসময় তিনি পৌর নির্বাচনের পূর্বে কর্মীদের দ্বিধাবিভক্ত করে এ সম্মেলন আয়োজন করলে তা দলের জন্য ক্ষতিক্ষর হবে বলে ঘোষণা দেন এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদককে এর জন্য দায়ী থাকবেন বলে জানান।

এদিকে, সম্মেলনের দিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা চেয়ারম্যানের আইডিতে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বাক্ষরিত একটি বিবৃতিতে সম্মেলন স্থগিতের নির্দেশনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সাথে যোগাযোগ করলে তিনি সম্মেলন স্থগিতের কেন্দ্রীয় নির্দেশনার সত্যতা নিশ্চিত করেন।

নবগঠিত কৃষক লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী মুঠোফোনে জানান, সম্মেলন স্থগিতের কোনো কেন্দ্রীয় নির্দেশনা তারা পাননি। জেলা নের্তৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এসময় তাকে কেন্দ্রীয় বিবৃতির কথা জানালে তিনি এটিকে ভুয়া বলে দাবী করেন।

বিবৃতির সত্যতা জানতে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য রেজাউল হক রাসেল জানান, সম্মেলন স্থগিতের নির্দেশনাটি কেন্দ্র থেকে দেয়া, এটিকে কেউ ভুয়া বললে তারা কেন্দ্রীয় নির্দেশনা মানেননি।

স্থগিত নির্দেশনার পরও কমিটির কথা উল্লেখ করে তিনি জানান, এব্যাপারে কেন্দ্র সিদ্বান্ত নিবে।

শেয়ার করুন