২৩ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় বাচ্চু মিয়া (৫৫) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া নরসিংদী জেলার মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে নগরীর বরইকান্দি এলাকার ১নং রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাচ্চু মিয়া খালি রিকশা নিয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে আসা মাত্রই তিনি রিকশা থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে সড়কে পাশে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
দক্ষিণ সুরমার টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাচ্চু মিয়া স্ট্রোক করেই মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ তার জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে ।