৯ জুন ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : রেজিস্ট্রেশন ছাড়া পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্রেগুলোতে নৌযান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। যদি কোনো নৌযান রেজিস্ট্রেশন ছাড়া হাওরের পর্যটন এলাকায় চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, বারেকাটিলা, শহীদ সিরাজ লেকসহ সব পর্যটন এলাকায় নৌপথে চলাচলে নৌযানগুলোকে ১৩ জুনের মধ্যে ইউএনওর কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে রেজিস্ট্রেশন নম্বরসহ নেমপ্ল্যাটের নমুনা সরবারহ করা হবে। নৌযান মালিকরা নিজ দায়িত্বে উপজেলা প্রশাসনের সঙ্গে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করবেন এবং নেমপ্ল্যাট ছাপাবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক লক্কর-ঝক্কর নৌযান পর্যটকদের নিয়ে হাওরের চলাচল করে। এজন্য এবছর যে নৌযানগুলো পর্যটক নিয়ে হাওরে চলাচল করবে সেগুলো আগে রেজিস্ট্রেশন করতে হবে। যদি কোনো নৌযান রেজিস্ট্রেশন ছাড়া হাওরের পর্যটন এলাকায় চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।