৬ জুন ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে টিলাধসে নারী ও শিশু সহ ৪ জন নিহত ও ৮জন আহত হওয়ার ঘটনায় হতাহতদের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা প্রশাসন। নিহতদের প্রতি পরিবারকে ২০হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এই অনুদান প্রদান করেন।
সোমবার বাদ জোহর চিকনাগুল শাহী ঈদগাহ ময়দানে নিহতদের জানাজা শেষে তাদেরকে দাফন করা হয়েছে।
এর আগে, ভোরে উপজেলার চিকনাগুল ইউপির ৮নাম্বার ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮জন গুরুত্বর আহত হয়েছেন ৷
নিহতরা হলেন- পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তার স্ত্রী মোছা. সুমি বেগম (২৬), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫), এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমআরা বেগম (৪৮) ৷ আহত হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা(৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম(২০), লুৎফা বেগম(২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩) ৷
ঘটনার পরপর এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দ্রুত ছুটে এসে তাদেরকে হতাহতদের উদ্ধার করেন৷
গ্রামবাসী আরও জানান, পূর্বসাতজনি গ্রামে আরও ১০/১২টি পরিবার ঝুঁকিপূর্ণ! মানুষজন নিরুপায় অবস্থায় বসবাস করছে ৷ এদিকে গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে তবে কোন হতাহত হয়নি ৷
ঘটনার খবর পেয়ে সিলেট সদর ফায়ার সার্ভিস একটি ইউনিট ও জালালাবাদ সেনানীবাস ফায়ার সার্ভিস ইউনিট ও জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম এলাকাবাসীর সাথে উদ্ধার কাজ করে ৷
সিলেট ফায়র সার্ভিসের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ করি৷ ঘটনায় একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন ৷
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাথমিকভাবে ৫জনকে আহত অবস্থায় এবং ৪জনকে মৃত উদ্ধার করা হয়েছে ৷ মৃতদের সুরতহাল তৈরী করে উদ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে৷ এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে ৷
অপরদিকে, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা পুলিশের ক্রাইম এন্ড অপারেশন এসপি শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজাজামান চৌধুরী।