৫ জুন ২০২২


সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, আবারো বন্যার পদধ্বনি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আবারো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। বন্যার এক ধাক্কা সামাল দিতে না দিতেই পুনরায় বন্যার পদধ্বনি ক্ষতিগ্রস্ত মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে পাহাড়ী ঢলের আশঙ্কা করা হচ্ছে। ঢলের মাত্রা বৃদ্ধি পেলে সিলেট ফের বন্যাকবলিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জেলার হাওড়গুলো পানিতে টইটম্বুর হয়ে আছে। ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি ঘটতে সময় লাগবে না।

সিলেট পানি উন্নয়ন বোর্ড এর তথ্য অনুযায়ী, গত তিনদিন ধরেই সুরমা-কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বাড়ছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর তথ্য বলছে, গত শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৪৬ মিটার। রোববার দুপুর ১২টায় পানিসীমা দাঁড়ায় ৯.৯৩ মিটারে। অর্থাৎ ৪৮ ঘন্টায় পানি বেড়েছে ৪৭ সেন্টিমিটার।

এ নদীর পানি গত পরশু দুপুরে কানাইঘাট পয়েন্টে ছিল ১১.৯৬ সেন্টিমিটার; রোববার দুপুরে হয়েছে ১২.৩৫ সেন্টিমিটার। এছাড়া কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গত শুক্রবার দুপুরে ছিল ১৩.৬৫ সেন্টিমিটার। আজ রোববার দুপুরে হয়েছে ১৪.৩০ সেন্টিমিটার। এ নদীর পানি শেওলা পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টায় ছিল ১১.৪৩ সেন্টিমিটার; আজ সকাল ৯টায় ১২.০৮ সেন্টিমিটারে দাঁড়িয়েছে।

শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে। এখানে গত শুক্রবার দুপুরে পানিসীমা ছিল ৭.৩৮ সেন্টিমিটার; আজ দুপুরে হয়েছে ৭.৬৭ সেন্টিমিটার। কুশিয়ারার পানি বাড়ছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। শুক্রবার এখানে পানিসীমা ৯.৪১ মিটার ছিল। আজ রোববার পানি বেড়ে হয়েছে ৯.৭৬ সেন্টিমিটার।

এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানিও বাড়ছে। গত শুক্রবার এ নদীর পানিসীমা ছিল ১২.৫৬ সেন্টিমিটার; আজ হয়েছে ১২.৮৪ সেন্টিমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেই সিলেট অঞ্চল বন্যার কবলে পড়তে পারে। তবে এ বন্যার দীর্ঘায়িত হবে না বলে আভাস দিয়েছে তারা।

উল্রেখ্য, গেল মাসে দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট ও সুনামগঞ্জ। প্রায় এক সপ্তাহ স্থায়ী সে বন্যায় শত শত কোটি টাকার ক্ষতি হয় এ দুই জেলায়। সে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরেক ধাক্কা যেন আসছে।

শেয়ার করুন