৫ জুন ২০২২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান (২২) নামের এক তরুণ। এ সময় হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারান তিনি। বন্ধ হয়ে যায় তার লাইভও। নিহত ওলিউরের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামে।
রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অলিউরের লাশ পাওয়া যায়।
নিহতের পিতা আশিক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অলিউর বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করত। আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। অলিউর হাসপাতালে গিয়ে মারা যায়। আমরা লাশ আনার জন্য রওয়ানা দিয়েছি।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের। তারপর চারিদিকের আহাজারি, চিৎকার শোনার কিছু সময় পর লাইভও বন্ধ হয়ে যায়। অলিউর রহমান কোথায় কী অবস্থায় আছে প্রথমে তা জানা যায়নি। পরে রোববার সকালে হাসপাতালে মরদেহের মিছিলে অলিউরকে শনাক্ত করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, এ নিয়ে আমার কাছে কোনো খবর নেই। খোঁজ বিস্তারিত জানবো।