৩০ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত ভাল আছেন বলে জানিয়ে তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, উনার শরীরের অবস্থা ভালো আছে। অক্সিজেন লেভেলও ভাল। তবে চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে ভর্তি থাকলে উনার চিকিৎসাটা আরও ভালো হবে। সেজন্য তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন উনি ভালো আছেন। দুশ্চিন্তার কিছু নাই। যেহেতু উনি বয়স্ক মানুষ, তাই ঝুঁকি এড়াতে তারা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী উনার উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেন। আবুল মাল আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬ শতাংশ।’ পররাষ্ট্রমন্ত্রী তার ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।
আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে গত রোববার। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীতে নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বৃহস্পতিবার মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তিনি দুই দফা টিকা নিয়েছেন।
অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ যাবত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।