২৪ ডিসেম্বর ২০১৭


ওসমানীনগরে ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে ঝাঁড়ু মিছিল

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি পত্যাখান করে ঝাঁড়ু–মিছিল করেছে উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে তাজপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির পদত্যাগপত্র দিয়েছেন সিনিয়র সহসভাপতি কবির আহমদ এবং সাধারণ সম্পাদক মোঃ আল মাছুম আবীর।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার উছমানপুর, বুরুঙ্গা, সাদীপুর, দয়ামীর, উমরপুর ও তাজপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা দেয় উপজেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন। অপরদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একাধিক ইউনিয়নে আনন্দ মিছিলও বের করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

ঝাড়ু-মিছিল দেয়ার সত্যতা নিশ্চিত করে উছমানপুর ইউনয়নের ছাত্রদল নেতা নাহিদ জানান, ঘরে বসে টাকার বিনিময়ে পকেট কমিটি দেয়া হয়েছে। আমরা এসব কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ জানাচ্ছি।

পদত্যাগকারী তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মাছুম আবীর বলেন, নেতাকর্মীদের সাথে কোন আলোচনা ছাড়াই অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে ঘরে বসে কমিটি দেয়া হয়েছে। যার কারণে প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এব্যাপারে ছাত্রদলের দায়িত্বশীল কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী বলেন, আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে ঘোষণা দেয়া হয়েছে। পদ না পাওয়ায় ছাত্রদলের ক্ষতিপয় নেতাকর্মী বিশৃংখলা সৃষ্টি করছে।

(আজকের সিলেট/২৪ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন