২২ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন বলেছেন, এখন থেকে ভূমি উন্নয়ন কর, নামজারী, পরচা, মৌজার নকশা ইত্যাদির জন্য আর তহশিল অফিসে যেতে হবে না। এখন থেকে ঘরে বসেই অনলাইনে ভূমি সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে। ফলে ভূমি সংক্রান্ত সেবায় আর কোনো ভোগান্তি পোহাতে হবে না জনসাধারণকে।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশনকে ভূমি সেবায় সবার আগে রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদিও বিষয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রালয়ের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত (জেলা সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান প্রমূখ।