২১ মে ২০২২


মারিউপোলে পূর্ণ বিজয়ের ঘোষণা রাশিয়ার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে রুশ বাহিনীর পূর্ণ দখলে এসেছে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল। মাসব্যাপী লড়াইয়ে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের প্রধান ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানায় রয়ে যাওয়া ৫৩১ জন সেনাসদস্যের সবাই শুক্রবার আত্মসমর্পণ করেছে। মস্কোর দাবি, গত ১৭ মে থেকে এ পর্যন্ত ৪ দিনে আজভস্তাল ইস্পাত কারখানা থেকে ২৪৩৯ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, কারখানার বেসমেন্ট এলাকা, যেখানে এতদিন ইউক্রেনীয় সেনারা আত্মগোপন করেছিল, বর্তমানে রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনা বাহিনীর সদর দপ্তর (আজভস্তালের) সেনাসদস্যদের ওই এলাকা থেকে বের হওয়া এবং নিজেদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছিলো। তারা সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছে।

আজভ সাগরের তীরবর্তী মারিউপোল শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল রুশ বাহিনীর কাছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই এই শহরটি নিজেদের দখলে নেয়ার চেষ্টায় ছিল রাশিয়া।

কয়েক সপ্তাহ ধরে আজভস্টল কারখানা সম্পূর্ণ ঘিরে রাখা হয়। রুশ বাহিনী সব মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়, ওই এলাকায় আকাশ থেকে বোমাবর্ষণ করে এবং সেখানে থাকা যোদ্ধাদের অস্ত্র সমর্পণের দাবি জানায়।

শেয়ার করুন