১২ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের ঈদ উপঢৌকন পাঞ্জাবী বিতরণ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বিষয়টি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে দাবী করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে আজকের সিলেট ডটকম এ ‘ঈদের পাঞ্জাবীকান্ডে তীব্র সমালোচনায় গোয়াইনঘাটের ইউএনও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর দুপুরে আজকের সিলেট অফিসে ফোন করে বিষয়টি বিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
তিনি বলেন, উপজেলা প্রশাসনে আমরা যারা কাজ করি আমরা একটি পরিবার। সারা বছর ইউপি চেয়ারম্যানদের নিয়েও কাজ করতে হয়। এজন্য ঈদে সৌজন্যতা বসত আমার পরিবারেরে সকল সদস্যদের উপহার দিয়েছি। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বাহিরে শুধু মাত্র সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এই উপহার দেয়া হয়েছে। সব মিলিয়ে এর পরিমান হবে ৩০/৩৫টি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এটি যে আমি একা করেছি তা নয়। ভিন্ন এলাকায় সরকারী কর্মকর্তারা এরকম সৌজন্যতা দেখিয়ে থাকেন। যাদেরকে উপহার পাঠিয়েছি সবাই তা সাদরে গ্রহণ করেছেন, কেউ ফেরত পাঠান নি। এখন আমি বিষয়টি নিয়ে ব্যাক্তিগত আক্রমণের শিকার হচ্ছি। আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।