১০ মে ২০২২


খাদিমপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর খাদিমপাড়া এলাকায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (৪০) এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল। এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম।

পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

শেয়ার করুন