১০ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : জাফলংয়ে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায়ের আইনী ব্যাখ্যা চেয়ে এবং সিলেট-৪ আসনের শুধুমাত্র রাতারগুল ছাড়া বাকী সকল পর্যটন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে পাঠানো চিঠিতে তিনি এ অনুরোধ জানান।
চিঠিতে মন্ত্রী ইমরান আহমদ উল্লেখ করেন- ‘জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত কোন আইনানুগ বিধান জারি হয়েছে কি না তা জানা প্রয়োজন’।
সিলেটের অন্যতম পর্যটন এলাকা গোয়াইনঘাট উপজেলার জাফলং। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। সবসময়ই জাফলংয়ে পর্যটককদের ভিড় লেগে থাকে। আগে এখানে বিনামূল্যে পর্যটকরা প্রবেশ করতে পারলেও গত বছর থেকে ১০ টাকা প্রবেশ ফি চালু করে উপজেলা প্রশাসন। প্রবেশ ফি আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষত গত ৫ মে জাফলংয়ের টিকিট কাউন্টারের কর্মীরা পর্যটকদের মারধরের পর এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, পর্যটন মন্ত্রণালয় নির্ধারিত কার্যপরিধির বাইরে গিয়ে সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটক প্রবেশে ফি নির্ধারণ করে জেলা পর্যটন উন্নয়ন কমিটি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বাইরে গিয়ে এভাবে ফি নির্ধারনকে অবৈধ ও এখতিয়ার বর্হিভূত বলছেন আইনবিশেষজ্ঞরাও।
প্রবাসীকল্যাণমন্ত্রী সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ এপ্রিল বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং এ প্রবেশ ফি আদায়কে কেন্দ্র করে স্বেচ্ছোসেবক ও পর্যটকদের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় পক্ষের মধ্যে মারামারির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। যা সিলেটের পর্যটনস্পটগুলো সম্পর্কে ভ্রমণ পিপাসুদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরফলে দেশে ও বিদেশে এলাকার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে, যা কখনোই কাম্য নয়। তাছাড়া জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত কোন আইনানুগ বিধান জারি হয়েছে কি না তা জানা প্রয়োজন।
চিঠিতে ইমরান আহমদ আরও উল্লেখ করেন, জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত নীতিমালা/বিধিবিধান নিম্নসাক্ষরকারীকে জরুরী ভিত্তিতে অবহিত করতঃ আমার নির্বাচনী এলাকার পর্যটনস্পট সমূহের (রাতারগুল ব্যতীত) পর্যটক প্রবেশ ফি সাময়িকভাবে বন্ধ করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি। পরবর্তীতে সংশ্লিস্ট সকল পক্ষের সাথে আলোচনা করে সময়োপোযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রীর চিঠি পেয়েছেন জানিয়ে সিলেটের জেলা প্রশাসক দুপুরে বলেন, উনার একটি চিঠি আমি পেয়েছি। তার চিঠি পাওয়ার আগেই জাফলং থেকে প্রবেশ ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছি। জেলা পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত প্রবেশ ফি আদায় বন্ধ থাকবে। পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী বৈঠক কবে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনও নির্ধারণ হয়নি। তারিখ নির্ধারণ হলে আপনাদের জানানো হবে।