২৬ এপ্রিল ২০২২


সিলেটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪ হাজার পরিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ৪ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঈদের আগে নতুন ঘরে উঠতে পেরে এসব পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। পরিবারের লোজকনের চোখে আনন্দ অশ্রু।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছিন্নমূল মানুষদের মাঝে জমির দলিলসহ এসব ঘর হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে মহাযজ্ঞ চলছে সারা দেশে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এবার ৬৫ হাজার ৪৭৪টি পরিবার ঘর পেয়েছে। তন্মধ্যে সিলেট বিভাগে চার জেলায় ৪ হাজার ৬৯ এবং শুধুমাত্র সিলেট জেলায় ৮১৭টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চারটি উপজেলায় গৃহহীন মানুষের হাতে উপহারের এসব ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিল সারাদেশের মতো সিলেট বিভাগের সকল উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকে ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ জনকে ঘর উপহার দিচ্ছি। আমি বলবো, এটা ঈদ উপহার। একটা ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সব থেকে বেশি ভালো লাগে। জাতির পিতা এটাই তো চেয়েছিলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সিলেট জেলায় ৮১৭টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে। এর মধ্যে জেলার বালাগঞ্জে ৪২, বিয়ানীবাজারে ১২০, বিশ্বনাথে ৩৩, কোম্পানীগঞ্জে ৩৩, ফেঞ্চুগঞ্জে ১২, গােলাপগঞ্জে ৫০, গােয়াইনঘাটে ২২৪, জৈন্তাপুরে ৮৭, কানাইঘাটে ৮৪, সিলেট সদরে ৬০, জকিগঞ্জে ৩৫, দক্ষিণ সুরমায় ২৭ ও ওসমানীনগরে ১০টি পরিবারকে ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে এসেছে বেশ পরিবর্তন। ব্যয়ও বাড়ানো হয় আগের তুলনায় ৬৯ হাজার টাকা। যে কারণে ঘরগুলো মজবুত হয়েছে এবং দীর্ঘস্থায়ী হবে।

জানা গেছে, তৃতীয় ধাপের প্রতিটি ঘরের নির্মাণ খরচ ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিটি ঘরের জন্য প্রথম পর্যায়ে ১ লাখ ৭১ হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ ছিল।

উল্লেখ্য, সিলেট জেলায় ১ম পর্যায়ে ৩ হাজার ১৩৭টি, ২য় পর্যায়ে ১১৫টি ঘর উদ্বোধন করা হয়েছে। ৩য় পর্যায়সহ সিলেট জেলায় মোট পুনর্বাসিত পরিবারের সংখ্যা হবে ৪ হাজার ৬৯টি।

শেয়ার করুন