২১ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়া নতুনবাজারের ডেফোডিল নামের একটি বাসার সামনে পরিকল্পিতভাবে ড্রেনের কাজ বন্ধ রেখে দুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে। বাসার মালিক অবসরপ্রাপ্ত ব্যাংকার মনজুর কাদের ও বেগম শামসুন নাহার মিনু এই অভিযোগ করেন। ড্রেনের কাজ সম্পন্ন না করার কারণে অল্পবৃষ্টিতে বাসায় পানি ঢুকে পড়ে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বেগম শামসুন নাহার মিনু জানান, সরকারি কাজে সহযোগিতা করতে গিয়ে দুই দফা ভূমি ছেড়েছেন তারা। কিন্তু এরপরও পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ড্রেনের দুদিকের কাজ শেষ করে বাসার সামনে এসে কাজ বন্ধ করে দেন। এতে অল্প বৃষ্টিতে বাসার নিচতলায় পানি প্রবেশ করে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। এতে একতলার একটি ইউনিটের ভাড়াটে বাসা ছেড়ে চলে গেছেন। পানিতে আসবাবপত্র ভিজে যাওয়ায় অপর ভাড়াটেরাও বাসা ছাড়ছেন। এই পরিস্থিতিতে মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দফায় দফায় যোগাযোগ করেন মিনু। এতে কার্যকর কোন ফল মিলছে না বলে অভিযোগ বাসার মালিকের।
তবে সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য জানান, তার এক জুনিয়র সহকর্মী এই এলাকায় কাজ তদারকি করছেন। অভিযোগ যখন পেয়েছেন, তখন দ্রত কাজ সম্পন্ন করার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।