১৯ এপ্রিল ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নৌকা নিয়ে বের হয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন ২ যুবক। পরে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মনিপুরহাটি গ্রামের আনোয়ার হোসেন (২০) ও অনিক হাসান (১৮)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মনিপুরহাটি এলাকায় ধোপাজান চলতি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তারা নৌকা নিয়ে বের হয়। রাতে নদীতে প্রচণ্ড ঝড় ওঠে। এ সময় বাড়ি ফেরার পথে ধোপাজান চলতি নদীতে ঝড়ের কবলে পড়েন তারা। রাত বেশি হয়ে যাওয়ায় নৌকার ভেতরেই আশ্রয় নেয় ওই দুই যুবক। এ সময় নৌকাটি তারা ধোপাজান নদীর একটি পাড়ে নোঙর করেন। ধারণা করা হচ্ছে নৌকার ভেতর তারা ঘুমিয়ে পড়েছিলেন।
তিনি আরও বলেন, রাতে তারা বাড়ি ফিরে না যাওয়ায় পরদিন সকালে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ডুবুরি দিয়ে নদীতে অনুসন্ধান চালালে ডুবে যাওয়া নৌকার ভেতরে তাদের মরদেহ পাওয়া যায়।