১৮ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে গুজরাট টাইটান্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আসরের ২৯তম ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিলো না চেন্নাইয়ের। প্রথম দুই ওভারে তাদের সংগ্রহ মাত্র ৭ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই মোহাম্মদ শামির এলবিডব্লিউয়ের ফাঁদে পরেন রবিন উথাপ্পা (৩)। পঞ্চম ওভারে চেন্নাই হারিয়ে বসে তাদের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটাসম্যান মঈন আলিকে (১)। আলজেরি জোসেফের বলে বোল্ড হন মঈন। এর পর রিতুরাজ গাঁইকদের ৪৮ বলে ৭৩ আর আম্বাতি রাইডুর ৩১ বলে ৪৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে চেন্নাই।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি গুজরাট। দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় তারা। ৪৮ রানে গুজরাট টাইটান্সের নেই ৪ উইকেট। তখন দলের হাল ধরেন ডেভিড মিলার একাই। তখনো ৪৪ বলে ৮৩ রান দরকার গুজরাটের। শেষদিকে যেটা দাড়ায় ৩ ওভারে ৪৮। এমন জায়গায় দাঁড়িয়ে এক ওভারে ঝড় তুলেন রশিদ খান। এই দুইজনের ব্যাটে চড়েই আইপিএলে দুর্দান্ত এক জয় পেয়েছে গুজরাট টাইটান্স।
শেষ ১৮ বলে যখন ৪৮ দরকার, তখন ক্রিস জর্ডানের ওপর দিয়ে রীতিমত সুনামি বইয়ে দেন রশিদ। ওই ওভারে টানা চার বলে তিনটি ছক্কা, একটি চার হাঁকান এই আফগান অলরাউন্ডার। ব্রাভোর করা ওভারের পঞ্চম বলে ২১ বলে ৪০ করে আউট হন রশিদ। শেষটা করেন ম্যাচের নায়ক ডেভিড মিলার। ৫১ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ব্যাটাসম্যান। ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। চেন্নাই বোলারদের মধ্যে ডোয়েন ব্রাভো ৩টি ও মহেশ থিকশানা ২টি উইকেট পান।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো গুজরাট। ৬ ম্যাচে ৫ জয় ও এক হারে ১০ পয়েন্ট দলটির। তবে এক ম্যাচ পর ফের হারের মুখ দেখল চেন্নাই। ৬ ম্যাচে মাত্র একটি জয়ে ২ পয়েন্ট তাদের। দশ দলের মধ্যে তাদের অবস্থান নয়ে। অন্যদিকে ৬ ম্যাচের সবকটিতেই হেরে সবার তলানিতে মুম্বাই ইন্ডিয়ান্স।