৬ জুলাই ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা : মারপিটের অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমদ নূরের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভানুদেব নামের এক ক্ষুদ্র ব্যবসায়ি। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় ভোজন রেস্টুরেন্ট এর সামনে পান বিক্রেতা ভানুদেব স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের দ্বারা অতর্কিত হামলার শিকার হন। হামলায় স্থানীয় কাউন্সিলার ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমদ নূর নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করে আহত ভানুর পরিবার।
পরদিন প্যানেল চেয়ারম্যান আহমদ নূরের নাম উল্লেখ করে ১০-১২ জন আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন আহত পান ব্যবসায়ি ভানুদেব। ২ জুলাই অভিযোগ তদন্ত করে এফআইআরভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
মামলার বাদী ভানু দেব বলেন, ঘটনার দিন আমি আব্দুজজহুর সেতু এলাকায় পানের ব্যবসা করছিলাম। পূর্ব আক্রোসের জেরে আহমদ নূরের নেতৃত্বে ১০-১২ জন আমার উপর অতর্কিত হামলা করে। আমি এই ঘটনায় আইনের সুবিচার চাই।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি এফআইআরভুক্ত করা হয়েছে।