৯ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধসহ আট রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে জাপান। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।
প্রধানমন্ত্রী ফুমিও বলেন, রাশিয়া বারবার বেসামরিক মানুষ হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ। জাপান ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।
ভারত ও চীনের পর জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ। জাপানের মোট কয়লা আমদানির ১১ শতাংশ আসে রাশিয়া থেকে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বীকৃতিদানের পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে শনিবার ৪৫তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ। দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে জাপান।