৬ এপ্রিল ২০২২
লাইফস্টাইল ডেস্ক : খুব অস্বস্তিকর গরম পড়েছে। রোদ উঠছে, আবার আকাশে মেঘ, মৃদুমন্দ বাতাস অথচ গরম কমার বালাই নেই। এই গরমে কোথাও যেতে চাইলে সাজার কোনো উপায় নেই। অথচ সাজ ছাড়া বাইরে যাওয়ারও উপায় নেই মেয়েদের। অন্তত একটু লিপস্টিক বা কাজল ছাড়া চলে কী!
গরমে খুব কড়া সাজ এড়িয়ে যাওয়াই উত্তম। কর্মক্ষেত্র হোক বা ঘুরতে যেতে চাইলে হালকা একটু মেকআপ করে, ম্যাচিং লিপস্টিক আর কাজল দিলেই হয়ে গেল। ঘুরতে গেলে কেউ চাইলে ফুল গুজে নিতে পারেন চুলে। শুধু যে শাড়ির সাথেই ফুল মানায় তা নয়, সালোয়ার কামিজের সাথেও ফুল মানানসই হতে পারে। আর সালোয়ার কামিজও হওয়া চাই সুতি। বাজারে নানারকম দাম ও ডিজাইনের সুতি কাপড় আছে। বেছে নিতে হবে পছন্দ অনুযায়ী।
মেয়েরা সবসময়ই নিজেকে ভিন্ন ভিন্ন উপকরণে সাজাতে পছন্দ করেন। কখনো ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল। হাতে কাঁচের চুড়ি বা ঘড়ি। তবে মেয়েদের সৌন্দর্যে নজর কাড়ে টিপ। হালকা মেকআপের সাথে একটা মানানসই টিপ পরলে সাজের আর প্রয়োজনই নেই।
লিপস্টিক নির্বাচনে হতে হবে একটু সতর্ক। যেহেতু ঠোঁট মানবদেহের স্পর্শকাতর একটি অংশ। ম্যাট লিপস্টিক, ময়েশ্চারাইজার লিপস্টিক, লিপ গ্লস, ওয়াটারপ্রুফ লিপস্টিক, লিকুইড লিপস্টিক, জেল লিপস্টিক, লিপস্টিক পেন্সিল ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা যায়। যেহেতু ঠোঁটের ত্বক স্পর্শকাতর তাই সস্তায় কেনা লিপস্টিকের চেয়ে সেরা লিপস্টিক তৈরির উপাদান দিয়ে তৈরি ব্র্যান্ডের ও দামী লিপস্টিক ব্যবহার করাটা অনেক বেশি ভালো।