৩ এপ্রিল ২০২২


ব্রাজিলে বন্যা-ভূমিধসে শিশুসহ নিহত ১৪

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকার ফলে একাধিক ভূমিধসের ঘটনায় এসব প্রাণহানি ঘটে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরো ২ জনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ব্রাজিলের পেট্রোপলিসে বন্যা ও ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবারো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি। এছাড়া গত জানুয়ারিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। গত বছর ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে।

শেয়ার করুন