৩ এপ্রিল ২০২২
আজকের সিলেট ডেস্ক : দেশে শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এবার ২৯ দিনে শেষ হয়েছে হিজরি শাবান মাস। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের চাঁদ দেখে তারাবির নামাজ আদায় ও প্রথম রোজার সেহরি করেছেন। ঢাকায় আজ ইফতারের সময় ৬টা ১৯ মিনিটে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি) এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্বামী-স্ত্রীর সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
রমজানের শেষ অংশে রয়েছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন। আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দিনগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
অপরদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রমজান শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর রমজানে বিধিনিষেধ ছিলো। করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। দুই বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এলো সিয়াম সাধনার মাস।