১৭ জানুয়ারি ২০২২


আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- রোববার ক্যাম্পাসের ভেতরে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চিকিৎসাজনিত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

বৃহস্পতিবার শাবির বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। আন্দোলনকারী ১০-১২ জন শিক্ষার্থীকে শনিবার সন্ধ্যায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হন।

পরদিন রোববার আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবি উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

শেয়ার করুন