৩০ মার্চ ২০২২


শাবিতে চালু হলো ‘চাইনিজ কর্নার’

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ‘চাইনিজ কর্নার’ চালু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কর্নারের উদ্বোধন করেন চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্স কাউন্সিলর মি. লিউয়েন ইউ। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সাহাবুল হক প্রমুখ।

শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও চীনা দূতাবাসের সহযোগিতায় কর্নারটি পরিচালিত হবে। বিভাগের ৪০৮ নম্বর কক্ষে এ কর্নার স্থাপন করা হয়েছে। এতে ২৭৩টি ইংরেজি বই, দুটি বুকসেলফ, একটি টেলিভিশন, একটি এয়ার কন্ডিশনার, একটি কম্পিউটার, একটি সোফাসেট দেয় চীনা দূতাবাস।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই প্রথম চাইনিজ কর্নার। এ কর্নারের উদ্যোগে বাংলাদেশ-চীন সম্পর্ক, চীনের আন্তর্জাতিক প্রভাবসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী যেমন উপকৃত হবে তেমনি বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া প্রতি বছর চীন সরকার কর্নারের মাধ্যমে শাবিপ্রবি শিক্ষার্থীদের স্কলারশিপও দিবে।

কর্নারের তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক। এছাড়া সহ-তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুদ সালাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূঁইয়া ও মোছা. তাহমিনা আক্তার।

শেয়ার করুন